নিজস্ব প্রতিনিধিঃ
দেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, উচ্চশিক্ষার পরিধি বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলো দ্রুতই শিক্ষা ব্যবস্থায় যুক্ত হবে।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান–বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স করছে। তিনি বলেন, “আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে। আমরা উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করছি।”
অনুষ্ঠানে তিনি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের শিক্ষা মেলা দুই দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তাঁর মতে, আন্তর্জাতিক জ্ঞান বিনিময় উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এহছানুল হক মিলন আরও বলেন, পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় ভালো মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সেখানকার শিক্ষার্থীরা পরীক্ষা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, কিছু ক্ষেত্রে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে এবং “আল্লামা ইকবাল স্কলারশিপ” কার্যক্রম সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে শিক্ষা মেলার আয়োজন করা হবে। এতে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করবে।