স্পোর্টস ডেস্কঃ
কাতার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে আলোচনায় আসার পর এবার আরও বড় লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। মঙ্গলবার রাতে ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে শক্তিশালী একটি দল, যার নেতৃত্বে রয়েছেন কোচ মোহাম্মদ ওহবি।
বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে মরক্কো আবারও ‘ডার্কহর্স’ হিসেবে বড় চমক দেখাতে পারে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতি—যা গ্রুপটিকে করেছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
দলের গোলরক্ষক বিভাগে আছেন ইয়াসিন বুনু, মুনির এল কাজুই এবং আহমেদ রেদা তাগনাউতি। রক্ষণভাগে ভরসা হিসেবে রয়েছেন আশরাফ হাকিমি, নুসায়র মাজরাউই, নায়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদসহ একাধিক নির্ভরযোগ্য নাম।
মাঝমাঠে দায়িত্ব সামলাবেন সোফিয়ান আমরাবাত, আজুদ্দিন উনাহি, বিলাল এল খানুস, আইয়ুব বুয়াদি ও অন্যান্যরা। আক্রমণভাগে আছেন ব্রাহিম দিয়াজ, ইউসেফ এন-নেসিরি, আইয়ুব এল কাবি ও সৌফিয়ানে রাহিমিসহ একাধিক ফর্মে থাকা ফরোয়ার্ড।
রিজার্ভ তালিকায় রাখা হয়েছে এল মেহদি আল হারার, আমিনে সাবি ও মারওয়ান সাদানে-কে।
আগামী ১৪ জুন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৫ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।