• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বাড়ি নির্মাণের চুক্তির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, গাজীপুরে থানায় লিখিত অভিযোগ

মোঃ আশিকুর রহমান বিপ্লব / ৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরের মেঘডুবি এলাকার এক নারীর বাড়ি নির্মাণের কাজ নিয়ে প্রতারণা, চুক্তির টাকা আত্মসাৎ এবং নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামীমা আক্তার হিরা মনি (৫০) নামে এক নারী গাজীপুর মহানগরীর পূবাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযোগকারী শামীমা আক্তার হিরা মনি গাজীপুর মহানগরের মেঘডুবি মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মেঘডুবি এলাকায় প্রায় আড়াই কাঠা জমি ক্রয় করে সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ি নির্মাণের জন্য অভিযুক্তদের একজনের মাধ্যমে রাজমিস্ত্রির সঙ্গে যোগাযোগ হয়।

অভিযোগে বলা হয়, বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য অভিযুক্ত রহিম আনোয়ারের সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকার চুক্তি করেন অভিযোগকারী। চুক্তি অনুযায়ী কাজ শুরু হলেও বাড়ির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে কাজের জন্য মোট ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পরও বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ করা হয়নি। বরং কাজ অসম্পূর্ণ রেখেই অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দেন। পরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্মাণকাজ বন্ধ থাকায় বাড়ির নির্মাণসামগ্রী—ইট, বালি, রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন শামীমা আক্তার হিরা মনি। এসব নির্মাণসামগ্রী তিনি ঋণ করে কিনেছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত প্রায় দুই মাস ধরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি মেঘডুবি এলাকা ছেড়ে চলে গেছেন বলেও অভিযোগকারীর দাবি।
পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে আইনি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন অভিযোগকারী। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ২০২৬ গাজীপুর মহানগরীর পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগকারী শামীমা আক্তার হিরা মনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার অসম্পূর্ণ বাড়ি নির্মাণের কাজ ও আর্থিক ক্ষতির বিষয়ে ন্যায়বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা