• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

লংগদুতে গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি) / ২৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাঙামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে বসতবাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. হৃদয় ও তার পরিবারের সদস্যরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হৃদয় অভিযোগ করেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে তার বসতবাড়ি জোরপূর্বক দখল করে রেখেছেন আব্দুছ ছাত্তার। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হৃদয় বলেন, ২০১৬ সালে তিনি ওই জায়গা ক্রয় করেন। পরবর্তীতে ২০১৮ সালে চুক্তির মাধ্যমে বসতবাড়িটি আব্দুছ ছাত্তারের কাছে ভাড়া দেওয়া হয়। চুক্তিতে প্রতি মাসে বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা পরিশোধের কথা উল্লেখ ছিল।

হৃদয়ের দাবি, ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ২০২৫ সাল থেকে আব্দুছ ছাত্তার ভাড়া দেওয়া বন্ধ করে দেন। পরে তিনি ওই বাড়িটি নিজের বলে দাবি করতে শুরু করেন।

হৃদয় আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য থানা-পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি বিষয়টি মেনে নিতে রাজি হননি। বর্তমানে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, জোর করে আমার বাড়িটি ভাড়া নিয়ে এখন দখল করে রাখা হয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে তাকে আমার বাসা থেকে বের করে দিয়ে আমার বাড়িটি আমাকে বুঝিয়ে দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ থাকব।

অভিযোগের সত্যতা যাচাই এবং বসতবাড়ির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা