আমাদের বাঁচান, আমরা ধ্বংসস্তূপের নিচে।’—নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি মেসবাড়ি ধসে পড়ার পর ভেতর থেকে আসছে এমন আতঙ্কের ফোন। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বহু শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দুপুর দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি ধসে পড়ে। সেখানে মূলত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভাড়ায় থাকতেন।
দুর্ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে পরিবারের সদস্য ও উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে এইমস ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও এনডিআরএফ সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে এক্সক্যাভেটরসহ ভারী যন্ত্রপাতি।
স্থানীয়দের দাবি, ভবনটির বেজমেন্টে নির্মাণকাজ চলছিল। তবে ভবন ধসের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
এদিকে দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। দুর্নীতিকে দায়ী করে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। উদ্ধার অভিযান এখনও চলছে। তিনি অভিযোগ করেন, অডিটের নামে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হবে না।
দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু। উদ্ধারকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তারা।
দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ জানিয়েছেন, সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রত্যেককে দ্রুত ও নিরাপদে উদ্ধার করাই এখন প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।