• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীতে এক নারীসহ পাঁচ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক / ১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের কারও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশে রাস্তা থেকে প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে তার মৃত্যু হতে পারে।

এদিকে মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উদ্ধারকারী এক পথচারীর ধারণা, অসুস্থতা ও না খেয়ে থাকার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

শাহবাগ থানাধীন এলাকায় প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে কামরাঙ্গীরচর থানাধীন জাউয়াহাটি এলাকা থেকে প্রায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন।
এ ছাড়া শাহবাগ থানাধীন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে প্রায় ৩০ বছর বয়সী আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। তিনিও ভবঘুরে প্রকৃতির হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পৃথক এসব ঘটনায় মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা