নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে তাঁরা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ এলাকা সিলেটের কানাইঘাট উপজেলার আকুনী গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের জামাতে অংশ নেবেন। অপর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বর্তমানে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী রাজধানীর উত্তরায় ঈদের নামাজে ইমামতি করবেন।
মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ এলাকা নীলফামারীর ডোমারে ঈদের নামাজ আদায় করবেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া রাজধানীর মিরপুর গোলারটেক ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন। যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বারিধারা মাদ্রাসা মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী কিশোরগঞ্জে এবং মাওলানা ড. শোয়াইব আহমদ সুনামগঞ্জের দিরাই জামিয়ায় ঈদের জামাতে শরিক হবেন।
সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন। প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদে এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী মানিকনগর সরদার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজে ইমামতি করবেন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তাঁরা ঈদের এই মহিমান্বিত সময়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।