ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সোমবার নিজের ফেসবুক পেজে নববধূর সাজে তিনটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান এই অভিনেত্রী। পরে গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।
লাল লেহেঙ্গা ও ভারী গয়নায় নববধূর সাজে ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি, তার পোস্টে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধও জানিয়েছেন অনুসারীদের।
তবে বিয়ের ঘোষণার পর থেকেই চলছে নানা আলোচনা। মিষ্টি জান্নাত জানিয়েছেন, তার বিয়ে আগেই হয়েছে। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। তবে এখনো স্বামীর নাম বা পরিচয় প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। সময়মতো তার পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’, ‘আমি নেতা হবো’, ‘তুই আমার’ ও ‘তুই আমার রানি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্য নিয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন মিষ্টি জান্নাত। এবার নিজের বিয়ের খবর প্রকাশ করে আবারও আলোচনায় এই অভিনেত্রী।