নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছেন বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন তরুণ গায়িকা আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সালাউদ্দিন সাগরের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। এতে মডেল হয়েছেন সুবর্ণা আক্তার এবং কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল।
রোমান্টিক আবহ, চটপটা কথার সঙ্গে নাচ ও প্রাণবন্ত সংগীতের সমন্বয়ে তৈরি হয়েছে ‘বরই মাখা’। বড় পরিসরে নির্মিত ভিডিওতে চোখধাঁধানো সেট, জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত কোরিওগ্রাফি গানটির ভিজ্যুয়াল আকর্ষণ আরও বাড়িয়েছে।

মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে সৈয়দ অমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির বিভিন্ন ক্লিপ ও রিলস ছড়িয়ে পড়েছে।
সৈয়দ অমি জানান, এর আগে তার চ্যানেলের বেশির ভাগ গানে আঁচলের সঙ্গে পারফর্ম করলেও এবার নতুন একজন মডেলের সঙ্গে কাজ করেছেন। প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করা সুবর্ণা আক্তারের পারফরম্যান্স নিয়েও আশাবাদী তিনি।
গানটি নিয়ে ইতোমধ্যে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শ্রোতাদের একাংশের মতে, একঘেয়েমি গানের ভিড়ে ‘বরই মাখা’ এনে দিয়েছে ভিন্ন স্বাদের বিনোদন।
বিশেষ করে তরুণদের কাছে গানটির নাচ, বিট ও উৎসবমুখর আবহ বেশ উপভোগ্য হয়ে উঠেছে। আর শ্রোতাদের এই ভালোবাসায় ‘বরই মাখা’ নিয়ে আরও আশাবাদী শিল্পী সৈয়দ অমি।